পদ্মা সেতু প্রকল্পের জন্য মালয়েশিয়া সরকার সোমবার সুনির্দিষ্ট প্রস্তাব দেবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার রেল ভবনে এক বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “মালয়শিয়ার ছয় সদস্যর একটি প্রতিনিধি দল আসছে। আগামীকাল তারা সেতু ভবনে পদ্মা সেতু নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে।”
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার দেয়ার জন্য চুক্তি করলেও দুর্নীতির অভিযোগ তুলে গত বছর তা স্থগিত করে দেয়। ফলে এ প্রকল্পের জন্য চুক্তিবদ্ধ অন্য দাতা সংস্থাগুলোর অর্থায়নও আটকে যায়।
এই পরিস্থিতিতে পদ্মা সেতুর কাজ শুরুর জন্য গত ১০ এপ্রিল মালয়েশিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ। ওই সফর শেষে দেশে ফিরে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, মে মাসের শেষ দিকে মালয়েশিয়া এ বিষয়ে চুক্তির প্রস্তাব দিতে পারে।