বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “দুর্নীতি দমন কমিশন (দুদক) হচ্ছে দুর্নীতিবাজদের পক্ষের একটি শক্তি। সরকারের লোকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে দুদকের মাধ্যমে একটি নাটক তৈরি করা হয় এবং তাদের দুর্নীতি নেই বলে ঘোষণা দেয়া হয়। আর সেটি আড়াল করতেই দুদকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে।”
শনিবার জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “দুদক কিছু লোককে দুর্নীতির লাইসেন্স দেয়া শুরু করেছে। এ ধরনের প্রতিষ্ঠান দুর্নীতি দমনে কোনো ভূমিকাই রাখতে পারবে না। এক সময় ‘দুদকের দরকার নাই’ বলে স্লোগান আসবে।”
পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে তিনি বলেন, “আমাদের দেশের উন্নয়নের জন্যই বিশ্বব্যাংক অর্থায়ন করার কথা ছিল। প্রকৃত পক্ষে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে বলেই তারা অর্থায়ন বন্ধ করেছে। সরকার আন্তরিক হলে নিশ্চয় এই দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতো।”
দুদকে সাংবাদিক নিষিদ্ধ করাসহ সাম্প্রতিক সময়ে সরকারের বিভিন্ন আচরণেই নিজেদের দুর্নীতি ঢাকার বিষয়টি প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।