ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে মুসলমান ও বোড়ো জাতিগোষ্ঠীর মধ্যে দাঙ্গায় মৃতের সংখ্যা বেসরকারি হিসেব অনুযায়ী ৭০ অতিক্রম করেছে বলে জানা যাচ্ছে। তবে সরকারি তথ্য অনুযায়ী এই সহিংসতায় এ পর্যন্ত ৪৩ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১০ জন। রাজ্যের অন্তত চারটি জেলায় এই সাম্প্রদায়িক দাঙ্গা চলছে। তবে জেলা শহরগুলোর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছে। দাঙ্গার শিকার প্রায় ৬০,০০০ মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। এদের মধ্যে অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন শরণার্থী শিবিরে। গত সপ্তাহে আসামের অল বোড়োল্যাণ্ড মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন এবং অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন নামে দুটি মুসলমান-প্রধান ছাত্র সংগঠনের নেতা গুলিবিদ্ধ হওয়ার পর এই সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়।