নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী মেহের আফরোজ শাওন ও অন্যপ্রকাশের সত্ত্বাধিকারী মাজহারুল ইসলামের বিরুদ্ধে চট্টগ্রাম সিএমএম আদালতে মামলা করা হয়েছে। নজরুল ইসলাম নামে এক আইনজীবী বুধবার সকালে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম নিজামুল হকের আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের চট্টগ্রাম অঞ্চলের সহকারী সুপারকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ বলেন, “এতে পরিকল্পিতভাবে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে পরস্পরের যোগসাজশে হত্যার অভিযোগ আনা হয়েছে।” এ মামলায় দৈনিক আমার দেশের বার্তা সম্পাদক, স্থানীয় দৈনিক আজাদীর বার্তা সম্পাদক, ও লেখক আবদুল হাই শিকদারকে সাক্ষী করা হয়েছে। ক্যানসারে আক্রান্ত হুমায়ূন আহমেদ গত ১৯ জুলাই আমেরিকার নিউ ইয়র্কের বেলভ্যু হাসপাতালে মারা যান। মরদেহ দেশে আনার পর ২৪ জুলাই গাজীপুরে লেখকের নিজের হাতেগড়া নুহাশপল্লীতে তাকে দাফন করা হয়।